শনিবার ২০, জুন ২০২৬

শনিবার ২০, জুন ২০২৬ -- : -- --

জলহস্তী, বাঘ, কুকুর, হাঙর ও হাতির ভবিষ্যদ্বাণীতে জমে উঠেছে বিশ্বকাপ উন্মাদনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১০:২০ পিএম

জলহস্তী, বাঘ, কুকুর, হাঙর ও হাতির ভবিষ্যদ্বাণীতে জমে উঠেছে বিশ্বকাপ উন্মাদনা

ফুটবল বিশ্বকাপ মানেই মাঠের লড়াই, উত্তেজনা আর সমর্থকদের অগাধ আবেগ। তবে মাঠের বাইরেও এবারের বিশ্বকাপে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে বিভিন্ন প্রাণীর ‘ভবিষ্যদ্বাণী’। থাইল্যান্ড থেকে জার্মানি, ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্র—বিভিন্ন দেশের চিড়িয়াখানা ও অ্যাকুয়ারিয়ামে প্রাণীদের দিয়ে ম্যাচের সম্ভাব্য ফল নির্ধারণের আয়োজন চলছে।

থাইল্যান্ডের নাখন রাতচাসিমা চিড়িয়াখানায় তিন মাস বয়সী পিগমি জলহস্তী ‘মু ড্যাং’ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ম্যাচে যুক্তরাষ্ট্রের জয়ের পক্ষে ইঙ্গিত দিয়েছে। একই চিড়িয়াখানার ১৮ বছর বয়সী আরেক পিগমি জলহস্তী ‘মু ক্রব’-ও যুক্তরাষ্ট্রের পতাকাচিহ্নিত ট্রে থেকে খাবার বেছে নিয়ে স্বাগতিকদের পক্ষেই ভবিষ্যদ্বাণী করেছে।

অন্যদিকে একই চিড়িয়াখানার ১৬ বছর বয়সী ইন্দোচীন বাঘ ‘লিফট’ স্কটল্যান্ড ও মরক্কোর ম্যাচ নিয়ে ভিন্ন বার্তা দিয়েছে। ড্র বা সমতার প্রতীক চিহ্নের নিচে ঝোলানো মাংসের টুকরা বেছে নিয়ে ম্যাচটি সমতায় শেষ হওয়ার আভাস দিয়েছে বাঘটি। 

যুক্তরাষ্ট্রের সিয়াটলে আন্তর্জাতিক মিডিয়া সেন্টারে ‘জুনিয়র’ নামের এক কুকুরও বিশ্বকাপের আলোচনায় জায়গা করে নিয়েছে। ‘ভবিষ্যদ্বক্তা’ কুকুর হিসেবে পরিচিত জুনিয়র যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের জয়ই দেখছে। এ সময় তার পাশে ছিলেন অভিনেতা ও গেম শো উপস্থাপক Drew Carey

ব্রাজিলের AquaRio অ্যাকুয়ারিয়ামে এক হাঙর ব্রাজিল–হাইতি ম্যাচের ফল অনুমান করে ব্রাজিলকেই বেছে নিয়েছে। এক ডুবুরি সেই নির্বাচনের ইঙ্গিত তুলে ধরেন দর্শকদের সামনে।

এদিকে Cologne Zoo-তে ‘তারাক’ নামের একটি এশীয় হাতি জার্মানি–আইভরিকোস্ট ম্যাচের আগে জার্মানির পতাকাযুক্ত বল নিয়ে খেলেছে, যা জার্মানদের জয়ের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বকাপে প্রাণীদের ভবিষ্যদ্বাণী নতুন কিছু নয়। অতীতে Paul the Octopus-এর মতো প্রাণীরা বড় টুর্নামেন্টে ভবিষ্যদ্বাণী করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। এবারের আসরেও সেই ঐতিহ্য নতুনভাবে ফিরিয়ে এনেছে এসব প্রাণী, যা ফুটবলপ্রেমীদের বাড়তি বিনোদন ও কৌতূহলের খোরাক জোগাচ্ছে।

Link copied!