মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম
শনিবার ২০, জুন ২০২৬ -- : -- --
সংগৃহীত ছবি
মৌলভীবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে আয়োজিত আন্তঃওয়ার্ড প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।
শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টায় শহরের এম সাইফুর রহমান স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে অংশ নেন দুই দলের সমর্থক খেলোয়াড়রা। আর্জেন্টিনা সমর্থকরা আকাশি-সাদা এবং ব্রাজিল সমর্থকরা হলুদ জার্সি পরে মাঠে নামেন, যা ম্যাচে বাড়তি উৎসাহ ও রঙিন আবহ তৈরি করে।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা সমর্থক দল। প্রথমার্ধে ধারাবাহিক আক্রমণের মুখে ব্রাজিল দলের রক্ষণভাগ চাপে পড়ে। সুযোগ কাজে লাগিয়ে পরপর দুটি গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রাজিল সমর্থক দল। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করলেও ম্যাচে সমতা ফিরিয়ে আনতে পারেনি তারা। নির্ধারিত সময় শেষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন আয়োজকরা। পরে আর্জেন্টিনা সমর্থকরা শহরে আনন্দ শোভাযাত্রা ও মোটরসাইকেল র্যালি বের করেন।
আয়োজক কমিটির সদস্যরা জানান, ওয়ার্ডের তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও খেলাধুলার চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোও ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের দাবি, পুরো আয়োজন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।