শনিবার ২০, জুন ২০২৬

শনিবার ২০, জুন ২০২৬ -- : -- --

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১০:১৬ এএম

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা এবং কার্যকর উপস্থাপনা ক্ষমতা বিকাশের লক্ষ্যে উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘১ম ইন্টার ডিপার্টমেন্ট ডিবেট ফেস্টিভ্যাল-২০২৬’। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের মোট ২৪টি দল অংশ নেয়।

বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল— “এই সংসদ বিশ্বাস করে যে বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী মানবসম্পদ তৈরি করা।” বিষয়টির পক্ষে ও বিপক্ষে অংশগ্রহণকারী দলগুলো তথ্যভিত্তিক যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে।

বাছাই ও নকআউট পর্ব শেষে ইংরেজি বিভাগ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ফাইনালে পৌঁছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চূড়ান্ত পর্বে সিএসই বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইংরেজি বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবিদ আজিজ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার, কন্ট্রোলার, অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন তাসফিয়া আফরিন ফারিয়া।

অনুষ্ঠানে ইউইউডিসির উপদেষ্টা মো. জাহিদুল ইসলাম (অয়ন) বলেন, “বিতর্ক কেবল একটি প্রতিযোগিতামূলক কো-কারিকুলার একটিভিটি নয়, বিতর্ক একটি সংস্কৃতি যা চর্চা করতে হয়। বিতর্ক শিক্ষার্থীদের দ্বিমত পোষণের শিষ্টাচার যেমন শেখায়, তেমনি শেখায় ভিন্ন মতামত শুনে উপযুক্ত মূল্যায়ন করার সহনশীলতা। আজকের আন্তঃবিভাগ প্রতিযোগিতায় জয়ী-বিজিতের চেয়ে, শিক্ষার্থীদের বিতর্ক সংস্কৃতির চর্চায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি আমাকে অধিক অভিভূত করছে। আমি ইউইউডিসিকে সাধুবাদ জানাই সফলভাবে সকল শিক্ষার্থীদের মধ্যে বিতর্কের প্রতি এমন আগ্রহ গড়ে তোলার জন্য।”

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন বিশ্ববিদ্যালয়ে বিতর্কচর্চার প্রসার এবং নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!