প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৫:০৬ পিএম
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত নেটওয়ার্ক গঠন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন, পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস’-এর ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক খোন্দকার জাহাঙ্গীর আলম, ওশেনোগ্রাফি অনুষদের ডিন এ. বি. এম. সাইফুল আলমসহ অনুষদের বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশন, পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের আহ্বায়ক ড. মো. আব্দুস সাত্তার বাগ। সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করা, পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে অ্যালামনাইদের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবুস সাত্তার বেগকে আহ্বায়ক এবং ডা. এ. টি. এম. ফয়েজ খান রাকিবকে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ডা. মো. গোলাম মোর্শেদ ও ডা. মো. রফিকুল ইসলাম ভুঁইয়া।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন ডা. মো. অলক সরকার, ডা. মো. কামরুল হাসান সৈকত, ডা. মো. তাজাম্মুল হক, ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. মো. মাহবুবুর রহমান, ডা. মো. রাকিবুর রহমান রনি, ডা. মো. রবিউল ইসলাম, ডা. মো. সাকিব রেজওয়ান এবং ডা. মো. হামায়ুন কবির।
নবগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. এ. টি. এম. ফয়েজ খান রাকিব বক্তব্যে বলেন, “বহু প্রতীক্ষিত আজকের এই অ্যালামনাই সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নকে ত্বরান্বিত করতে কাজ করে যাবে। পাশাপাশি আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে শিক্ষার্থীদের পেশাগত জায়গায় সমন্বয়ের ভূমিকা রাখার চেষ্টা করবে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের এসব বিষয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয়ে এগিয়ে আসার আহ্বান জানাই। এটি কেবলমাত্র একটি সংগঠনই নয়, পারস্পরিক সম্পর্ককে দৃঢ়ভাবে ধরে রাখার একটি মাধ্যম।”
নবগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. আব্দুস সাত্তার উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, “সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলাফল হলো আমাদের আজকের এই অ্যাসোসিয়েশন। আমাদের উদ্দেশ্যই হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার একটি সেতুবন্ধন তৈরি করা। যে পথ আজ সৃষ্টি হলো, সেটা যেন মসৃণ হয়, তার প্রয়াসে সবার মানসিকতা এক হতে হবে। আমাদের ভ্রাতৃপ্রতিম সকল অর্গানাইজেশনের সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কিছু করার প্রয়াস থাকবে।”
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তার শুধু শিক্ষক ও কর্মকর্তারাই যথেষ্ট নয়, বরং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাই মুখ্য ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ের সুসংগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমঞ্চে নিয়ে যায়। আজকের নবগঠিত কমিটির সকলের ওপর নতুন দায়িত্ব হলো, কীভাবে দল-মতের ঊর্ধ্বে থেকে আপনারা সব সময় একত্রিত থাকবেন।”
এ সময় তিনি বরিশাল ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, “বরিশাল ক্যাম্পাসে অবকাঠামোগত বিকাশ দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে। ইতোমধ্যে বরিশাল ক্যাম্পাসের জন্য একটি হল ও একাডেমিক বিল্ডিংয়ের বাজেট ডিপিপিতে পাস হয়েছে। এগুলো সম্পন্ন হলে বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য কিছুটা স্বস্তিদায়ক হবে। আপনারা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো যে উদ্যোগ নেবেন, আমি সবসময় সঙ্গে থাকব।”
