বৃহস্পতিবার ১৮, জুন ২০২৬

বৃহস্পতিবার ১৮, জুন ২০২৬ -- : -- --

জাবিপ্রবিতে আরাফাত রহমান কোকো স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৬:৩৭ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আনন্দঘন পরিবেশে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন। খেলার উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মো. সাদীকুর রহমান এবং শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. সৈয়দ নাজমুল হুদা। এছাড়া খেলাকে ঘিরে আয়োজিত আলোচনা পর্বে বক্তব্য দেন জাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুদ।

জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেনসহ আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। প্রীতি ম্যাচে সদস্য সচিব যীনাত মিয়া সমর্থিত দল বিজয় অর্জন করে।

এ সময় ছাত্রদলের স্থানীয় ও বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, তরুণদের মধ্যে সুস্থ ক্রীড়াচর্চার প্রসার ঘটানো এবং মরহুম আরাফাত রহমান কোকোর ক্রীড়াঙ্গনে অবদানকে স্মরণ করার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ক্যাম্পাসে এমন ইতিবাচক ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

Link copied!