শুক্রবার ১২, জুন ২০২৬

শুক্রবার ১২, জুন ২০২৬ -- : -- --

বিশ্বকাপের আগে ‘জেল’ বানাচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১০:৩৪ পিএম

কানসাসে বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিতে অস্থায়ী জেল তৈরির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া  ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। টুর্নামেন্ট উপলক্ষে কানসাস সিটিতে একটি অস্থায়ী আটক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে স্থানীয় প্রশাসন, যা ইতোমধ্যেই ‘বিশ্বকাপ জেল’ নামে পরিচিতি পেয়েছে।

প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় এই মডুলার আটক কেন্দ্র ব্যবহার করা হবে। একই সঙ্গে শহরের বিদ্যমান আটক ও পুনর্বাসন ব্যবস্থার ওপর চাপ কমাতেও এটি ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় পর্যটন সংস্থা ভিজিট কেসির তথ্য অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে প্রায় ৬ লাখ ৫০ হাজার দর্শনার্থী কানসাস সিটি সফর করতে পারেন। এত বড় জনসমাগমকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ হিসেবে এই প্রকল্পকে দেখছে কর্তৃপক্ষ।

বিশ্বকাপের ছয়টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম। ভেন্যুটিতে গ্রুপ পর্বের একটি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এছাড়া রাউন্ড অব ৩২ এবং কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচও এখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্ভাব্য সূচি অনুযায়ী, আর্জেন্টিনা, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মতো ফুটবল পরাশক্তিগুলো কানসাস সিটিতে তাদের বেস ক্যাম্প স্থাপন করতে পারে। ফলে বিশ্বকাপের অন্যতম ব্যস্ত শহরে পরিণত হওয়ার পথে রয়েছে কানসাস সিটি।

তবে টুর্নামেন্ট ঘিরে অস্থায়ী কারাগার নির্মাণের পরিকল্পনা ইতোমধ্যেই জনমনে নানা প্রশ্ন ও বিতর্কের জন্ম দিয়েছে। কেউ এটিকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, বিশ্বকাপের উৎসবমুখর পরিবেশের সঙ্গে এমন উদ্যোগের বার্তা সাংঘর্ষিক।

Link copied!