প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৯:০৬ এএম
সরকারি সাত কলেজকে একীভূত করে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আবেদন পদ্ধতি, যোগ্যতা, ফি এবং গুরুত্বপূর্ণ তারিখগুলো উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ জুন থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে এবং আবেদন গ্রহণ চলবে ২০ জুন পর্যন্ত। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ৫ জুলাই থেকে ডাউনলোড করা যাবে। ভর্তি কার্যক্রম শেষে ৬ সেপ্টেম্বর থেকে প্রথমবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
এ বছর কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা-এই তিন ইউনিটের অধীনে বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ভর্তির ন্যূনতম যোগ্যতা, বিষয়ভিত্তিক আসনসংখ্যা এবং অন্যান্য নির্দেশনা ইউনিটভিত্তিক ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।
ভর্তি পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচি
- কলা ও সমাজবিজ্ঞান ইউনিট: ১১ জুলাই, বিকেল ৩টা থেকে ৪টা
- বিজ্ঞান ইউনিট: ১৭ জুলাই, সকাল ১১টা থেকে দুপুর ১২টা
- ব্যবসায় শিক্ষা ইউনিট: ১৭ জুলাই, বিকেল ৩টা থেকে ৪টা
ফল প্রকাশের সম্ভাব্য তারিখও জানানো হয়েছে। কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ফল ১৪ জুলাই প্রকাশ করা হবে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ করা হবে ২০ জুলাই।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের পর প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো নিজস্ব ভর্তি পরীক্ষা আয়োজন করছে। বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সাতটি কলেজ হলো-ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।
