শুক্রবার ১২, জুন ২০২৬

শুক্রবার ১২, জুন ২০২৬ -- : -- --

বৃষ্টির পরও ঢাকার বায়ুদূষণ বাড়ল, বিশ্বে দ্বিতীয় অবস্থানে রাজধানী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৯:০১ এএম

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় বুধবার ভারী বৃষ্টি হলেও বায়ুদূষণের মাত্রা আশানুরূপ কমেনি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল প্রায় দুই ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাধারণত বৃষ্টির কারণে বাতাসের দূষিত কণাগুলো ধুয়ে যাওয়ায় বায়ুর মান উন্নত হয়। এছাড়া জুন মাসে বর্ষাকালের প্রভাবে দূষণও তুলনামূলকভাবে কম থাকে। তবে এবার সেই চিত্র দেখা যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের ১২২টি শহরের মধ্যে বায়ুদূষণের দিক থেকে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। সে সময় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ১৬৭, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে। এ ধরনের বায়ুদূষণ মানুষের শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যাসহ নানা স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।

আজকের তালিকায় সবচেয়ে দূষিত শহর ছিল উগান্ডার রাজধানী কাম্পালা, যেখানে একিউআই ছিল ১৭৩। যদিও বিশ্বব্যাপী বর্তমানে বায়ুদূষণের মাত্রা তুলনামূলকভাবে কম রয়েছে। সাধারণত এপ্রিলের পর থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করলে বাতাসের মানও ধীরে ধীরে উন্নত হয়।

ঢাকার যেসব এলাকায় দূষণ বেশি

আজ রাজধানীর কয়েকটি এলাকায় বায়ুদূষণের মাত্রা অন্য এলাকার তুলনায় বেশি ছিল। এর মধ্যে আগারগাঁও এলাকায় একিউআই ছিল ১৯১, যা দিনের সর্বোচ্চ। সাধারণভাবে একিউআই ১৫০ ছাড়ালে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০০-এর কাছাকাছি পৌঁছালে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

দূষণের দিক থেকে আগারগাঁওয়ের পর রয়েছে উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ, যেখানে একিউআই ছিল ১৭৪। এরপর গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ১৭৩, বে’জ এইজ ওয়াটার এলাকায় ১৬৮, বারিধারা লেকসাইড এলাকায় ১৬৫, বারিধারা পার্ক রোড এলাকায় ১৬৩, গুলশান লেক পার্ক এলাকায় ১৬১ এবং বেচারাম দেউড়ি এলাকায় ১৫৩ একিউআই রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতার পরামর্শ

বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য। একই সঙ্গে খোলা জায়গায় ব্যায়াম বা দীর্ঘ সময় অবস্থান না করাই ভালো। ঘরের ভেতরে থাকার সময় জানালা-দরজা যতটা সম্ভব বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

বৃষ্টিপাতের পরও রাজধানীর বাতাসে দূষণের মাত্রা উদ্বেগজনক অবস্থায় থাকায় নগরবাসীকে প্রয়োজনীয় স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Link copied!