শুক্রবার ১২, জুন ২০২৬

শুক্রবার ১২, জুন ২০২৬ -- : -- --

চবি ক্যাম্পাসে পুনরায় চালু হলো জোবাইক সেবা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১০:৪৫ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের ক্যাম্পাসে চলাচল আরও সহজ, দ্রুত ও পরিবেশবান্ধব করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পুনরায় চালু করা হয়েছে জোবাইক সেবা। চাকসুর উদ্যোগে পরিচালিত এ সেবার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় চাকসু ভবনের সামনে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করেন। প্রাথমিকভাবে পরীক্ষামূলক পর্যায়ে ১০টি প্যাডেল-অ্যাসিস্ট ইলেকট্রিক বাইসাইকেল নিয়ে কার্যক্রম শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয়বারের মতো জোবাইক সেবা চালু হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরে যাতায়াত সহজ হবে। আয়তনে বড় এবং পাহাড়ি ক্যাম্পাস হিসেবে এটি আমাদের শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হবে বলে আশা করি।” তিনি সেবাটি ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে চাকসুর প্রতিনিধি এবং জোবাইকের প্রতিষ্ঠাতা মেহেদী রেজাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় আরও বক্তব্য দেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এবং চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলগুলোর প্রভোস্ট, প্রক্টর ও সহকারী প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, চাকসুর প্রতিনিধিবৃন্দ এবং জোবাইকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদী রেজাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভুঁঞা।

চাকসু প্রতিনিধিরা জানান, প্রাথমিকভাবে ৪০ দিনের জন্য ১০টি প্যাডেল-অ্যাসিস্ট জোবাইক চালু করা হয়েছে। ক্যাম্পাসের পাঁচটি নির্ধারিত জোনে এসব বাইকের পার্কিং সুবিধা রাখা হয়েছে। শিক্ষার্থীরা জোবাইকের মোবাইল অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাইক চালু ও বন্ধ করতে পারবেন।

পরীক্ষামূলক পর্যায়ে সেবাটির ভাড়া প্রতি মিনিট ১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে ব্যবহারকারীদের চাহিদা ও সাড়া বিবেচনায় পরবর্তী পর্যায়ে প্রায় ১০০টি প্যাডেল-অ্যাসিস্ট জোবাইক চালুর পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য ভাড়া কমিয়ে প্রতি মিনিট ৮০ পয়সা নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Link copied!