বৃহস্পতিবার ১১, জুন ২০২৬

বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ -- : -- --

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে উলিপুরে ছাত্রদলের বিক্ষোভ

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল করার চেষ্টার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উলিপুর উপজেলা ও পৌর শাখা।

বুধবার (১০ জুন) বিকেলে উলিপুর পৌর শহরের প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মিছিল শেষে স্থানীয় বড় মসজিদ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আবু জাফর সোহেল রানা, ফিরোজ করীর কাজল, মইন, খাইরুল, খোকন, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. আমিনুল ইসলামসহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “সরকার ইতোমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এরপরও উলিপুরের মাটিতে তাদের যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ড বা প্রকাশ্য মিছিলের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

Link copied!