প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৫:২৬ পিএম
পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও নিজের সামর্থ্যের ঝলক দেখালেন তরুণ পেসার নাহিদ রানা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২২ গজে তাঁর গতিময় ও বাউন্সভিত্তিক বোলিংয়ে রীতিমতো চাপে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ।
বাংলাদেশের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক হয়ে ওঠা এই ডানহাতি পেসার ব্যক্তিগতভাবেও পেয়েছেন বড় পুরস্কার। সর্বশেষ প্রকাশিত আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে এক লাফে ২৩ ধাপ এগিয়ে বিশ্ব ক্রিকেটে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি।
সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদ ১০ ওভার বল করে মাত্র ৪১ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। তাঁর নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিং বাংলাদেশের ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এনে দেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই পারফরম্যান্সের সুবাদে আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে আগের ৪৭তম স্থান থেকে উঠে এসে ৫৩৫ রেটিং পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে অবস্থান করছেন নাহিদ রানা।
বাংলাদেশি বোলারদের মধ্যে অবশ্য এখনো সবার ওপরে রয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি বোলিং র্যাঙ্কিংয়ের অষ্টম স্থান ধরে রেখেছেন। অন্যদিকে ব্যাটসম্যানদের তালিকায় দেশের সেরা অবস্থানে থাকা তাওহিদ হৃদয় এক ধাপ পিছিয়ে ২৬ থেকে ২৭ নম্বরে নেমে গেছেন।
ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি বাংলাদেশের দলীয় র্যাঙ্কিংও বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে হলে র্যাঙ্কিংয়ের সেরা নয় দলের মধ্যে থাকতে হবে। বর্তমানে ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ নবম অবস্থানে রয়েছে এবং নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়েও এই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
