প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ১১:৩৬ পিএম
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিসহ স্বত্বাধিকারী অন্যান্য মাধ্যমের মাধ্যমে দেশের ফুটবলপ্রেমীরা এবারের বিশ্বকাপের সব ম্যাচ উপভোগ করতে পারবেন। পাশাপাশি দর্শকদের জন্য ঢাকা ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত থেকে বিশ্বকাপ সম্প্রচারসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও পাগলামি সর্বজনবিদিত। বেশ কিছুদিন ধরে খেলা সম্প্রচার নিয়ে একটি ধূম্রজাল তৈরি হয়েছিল, যা আজ পুরোপুরি নিরসন করা হলো। বিটিভির মাধ্যমে এবং যারা স্বত্ব নিয়েছে, তাদের মাধ্যমে সারাদেশের মানুষ বিশ্বকাপ ফুটবল দেখতে পারবেন।’
তিনি জানান, বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ মধ্যরাত কিংবা ভোরে অনুষ্ঠিত হওয়ার কারণে দর্শকদের সুবিধার্থে বড় পর্দায় খেলা দেখানোর বিষয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একসঙ্গে বিপুল সংখ্যক দর্শক বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন।
সরকারের এ উদ্যোগ ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপের আনন্দকে আরও বিস্তৃত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
