প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ১০:৫১ পিএম
জাতীয় সংসদে বিরোধী দলের আসনগুলোতে উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয় জোরদারে নতুন কৌশল নিয়েছে বিএনপি। দলটির সংসদীয় দলের বৈঠকে সংরক্ষিত আসনের ৩৬ নারী সংসদ সদস্যের মধ্যে ৭৯টি বিরোধী আসনের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে ভিন্নতা রাখা হয়। দলীয় সূত্র জানায়, কোনো নারী এমপিকে একটি, কাউকে দুই থেকে সর্বোচ্চ চারটি আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। আবার কিছু ক্ষেত্রে পুরো জেলার দায়িত্বও নির্ধারণ করা হয়েছে, বিশেষ করে যেখানে বিরোধী জোটের দলগুলো থেকে নির্বাচিত প্রতিনিধি রয়েছেন।
তবে বিএনপির নিজস্ব নির্বাচিত সংসদ সদস্যদের আসনে এ ধরনের দায়িত্ব দেওয়া হয়নি। অন্যদিকে, স্বতন্ত্রভাবে নির্বাচিত কিছু আসনেও সরকারদলীয় নারী এমপিদের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে, যা রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে।
বৈঠকে জানানো হয়, দায়িত্বপ্রাপ্ত নারী এমপিরা সংশ্লিষ্ট এলাকায় উন্নয়ন কার্যক্রম তদারকির জন্য ডিও লেটার বা আধা সরকারি পত্র দিতে পারবেন। এছাড়া ভবিষ্যতে তাঁদের আরও বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
এ সিদ্ধান্তের পরপরই বিরোধী দলগুলোর মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের অভিযোগ, এ ধরনের পদক্ষেপ নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে এবং মাঠপর্যায়ে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে। কেউ কেউ এটিকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কৌশল হিসেবেও দেখছেন।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সরকারের ১০০ দিনের কর্মকাণ্ড সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছ থেকে অগ্রগতি জানতে চান এবং সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে জোর দেন তিনি।
বিকেল ৩টায় শুরু হওয়া বৈঠকটি চলে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত। এতে আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি ও অবকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত নিয়ে আলোচনা হয়।
আসন্ন বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটি হবে জনবান্ধব ও ব্যবসাবান্ধব, যাতে সাধারণ মানুষের ওপর নতুন কোনো চাপ সৃষ্টি না হয় এবং উন্নয়ন ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হয়।
