প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৮:৫২ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন চলতি মাসের শেষ দিকে দায়িত্ব ছাড়ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালা প্রণয়ন ও সংশ্লিষ্ট কৌশলগত বিষয়ে দায়িত্ব পালন করা এই ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তি বিশেষজ্ঞ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দেন।
পোস্টে তিনি জানান, জুন মাসের শেষেই হোয়াইট হাউজে তার দায়িত্বের মেয়াদ শেষ হবে। তবে পদত্যাগের পেছনের নির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা দেননি।
ট্রাম্প প্রশাসনের এআই নীতি প্রণয়ন, আন্তর্জাতিক পর্যায়ে এআই কূটনীতি এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শ্রীরাম কৃষ্ণনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে তিনি লেখেন, কিছুদিন বিরতি নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সামনে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কাজ করতে চান।
বর্তমানে ট্রাম্প প্রশাসন এআই-ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারের অংশগ্রহণ ও ভূমিকা আরও বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। এমন সময়েই শ্রীরামের পদত্যাগের খবর সামনে এলো।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তাদের মূল লক্ষ্য হলো আমেরিকান জনগণের স্বার্থ সুরক্ষা করা। এদিকে আগামী সপ্তাহে তিনি একাধিক এআই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা গেছে।
যদিও শ্রীরাম কৃষ্ণন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ছেন, তবুও তিনি ভবিষ্যতে বাইরে থেকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের এআই ও ক্রিপ্টোবিষয়ক কর্মকর্তা ডেভিড স্যাক্স। অন্যদিকে, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক শ্রীরামের অবদানের প্রশংসা করে বলেন, প্রযুক্তি খাতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা অনস্বীকার্য।
সূত্র: দ্য হিল
