মঙ্গলবার ০৯, জুন ২০২৬

মঙ্গলবার ০৯, জুন ২০২৬ -- : -- --

আজ বৃষ্টি নাকি তীব্র গরম, জানুন পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ১০:২০ এএম

ছবি: সংগৃহীত

স্বাভাবিক সময়ের প্রায় এক সপ্তাহ পর দেশে মৌসুমি বায়ুর আগমন ঘটেছে। গত শনিবার দক্ষিণ-পূর্বাঞ্চলের টেকনাফ উপকূল দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করে। এরপর থেকে ধীরে ধীরে দেশের কয়েকটি এলাকায় এর প্রভাব বিস্তার শুরু হয়েছে। গতকাল রোববার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে, আর আজ সোমবারও কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার মতে, বর্তমানে চট্টগ্রাম ও আশপাশের এলাকা, পাশাপাশি দক্ষিণ উপকূলের সাতক্ষীরা অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এসব এলাকায় আজ তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও তা খুব ব্যাপক হওয়ার সম্ভাবনা নেই।

তবে মৌসুমি বায়ু দেশে প্রবেশ করলেই যে সর্বত্র ভারী বৃষ্টিপাত শুরু হবে, এমন নয়। আবহাওয়া বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে সক্রিয় পশ্চিমা লঘুচাপের সঙ্গে মৌসুমি বায়ুর পারস্পরিক প্রভাবের কারণে আগামী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতেও পারে। বর্তমানে যে বৃষ্টিপাত হচ্ছে, তার পেছনেও পশ্চিমা লঘুচাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে আজ দেশের সামগ্রিক তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আরও দুটি স্থানে তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি ছিল। তবুও কোনো তাপপ্রবাহের ঘোষণা দেওয়া হয়নি, কারণ উচ্চ তাপমাত্রা নির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ ছিল। সাধারণত কোনো অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে সেখানে মৃদু তাপপ্রবাহ ধরা হয়।

আজও দেশের কিছু এলাকায় একই ধরনের উচ্চ তাপমাত্রা দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কতটা?

আবহাওয়া অফিসের সকাল ৭টা থেকে পরবর্তী কয়েক ঘণ্টার পূর্বাভাসে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, ঢাকার আশপাশে বৃষ্টি হওয়ার সুযোগ থাকলেও রাজধানী শহরের ভেতরে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম।

প্রসঙ্গত, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহ না থাকলেও আর্দ্রতার কারণে গরমের অনুভূতি ছিল বেশ তীব্র।

Link copied!