প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ১১:৪১ এএম
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। ব্যক্তিগত কারণ ও চোটে ছিটকে গেছেন ট্রাভিস হেড, মিচেল মার্শ ও তানভীর সংঘ। নেতৃত্বে থাকছেন জশ ইংলিশ।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর একদিন আগে স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ব্যক্তিগত কারণ ও ইনজুরি সমস্যার কারণে দল থেকে ছিটকে গেছেন তিন ক্রিকেটার। তাদের পরিবর্তে নতুন তিন সদস্যকে অন্তর্ভুক্ত করেছে সফরকারী দল।
মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। এই সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে দুই দল। তবে মাঠে নামার আগেই স্কোয়াড পুনর্গঠন করতে হয়েছে অস্ট্রেলিয়াকে।
ব্যক্তিগত কারণে বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়িয়েছেন ওপেনার ট্রাভিস হেড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ করার পর বিশ্রামের আবেদন করলে তা অনুমোদন দেয় অস্ট্রেলিয়ার নির্বাচকরা।
এদিকে গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। একই চোটের কারণে এর আগে পাকিস্তান সফরও মিস করেছিলেন তিনি। এছাড়া পাকিস্তান সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া লেগ স্পিনার তানভীর সংঘও ছিটকে গেছেন দল থেকে।
এই তিন ক্রিকেটারের পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়েছেন ম্যাট শর্ট, ওলি পিক এবং অফ স্পিনার টড মার্ফি। অস্ট্রেলিয়ার সাদা বলের দলে এটিই মার্ফির প্রথম অন্তর্ভুক্তি।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্লে-অফে অংশ নেওয়ায় পাকিস্তান সফরে ছিলেন না ট্রাভিস হেড। বাংলাদেশ সফরের জন্য প্রাথমিক স্কোয়াডে জায়গা পেলেও অতিরিক্ত চাপ এড়াতে শেষ পর্যন্ত ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টি-টোয়েন্টি দলে তার বিকল্প হিসেবে কাকে নেওয়া হবে, সে বিষয়ে এখনও কোনো ঘোষণা আসেনি।
মিচেল মার্শের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিশ। পাকিস্তান সফরের মতো বাংলাদেশ সফরেও তিনি ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন। মার্শ টি-টোয়েন্টি সিরিজের আগেও ফিটনেস ফিরে না পেলে ওই ফরম্যাটেও ইংলিশের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে।
একাধিক পরিবর্তন সত্ত্বেও ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ (অধিনায়ক), ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস লাবুশেন, টড মার্ফি, ওলি পিক, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
