মঙ্গলবার ০৯, জুন ২০২৬

মঙ্গলবার ০৯, জুন ২০২৬ -- : -- --

রাবিপ্রবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৮:০৪ পিএম

সংগৃহীত ছবি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির।

আলোচনা সভায় বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. নাফিজ মণ্ডল।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. জয়নুল আবেদীন সিদ্দিকী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের বিভিন্ন সংকটময় সময়ে নেতৃত্ব, বহুদলীয় গণতন্ত্রের বিকাশ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি সার্ক প্রতিষ্ঠার উদ্যোগসহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তাঁর অবদানের কথাও তুলে ধরেন।

উপাচার্য আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, কর্মনিষ্ঠা ও জনকল্যাণমুখী আদর্শ থেকে নতুন প্রজন্মের শিক্ষা গ্রহণ করা উচিত। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তাঁর ইতিবাচক কর্মসূচিগুলো অনুসরণ করার আহ্বান জানান তিনি।

অন্যান্য বক্তারাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাষ্ট্রীয় অবদান নিয়ে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির বলেন, জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় সুশাসন, সৎ নেতৃত্ব এবং জনগণের কল্যাণে কাজ করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাঁর আদর্শ ও দর্শনকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Link copied!