প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৯:২৭ পিএম
বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের দুই জনপ্রিয় ও সফল অভিনেত্রী শাবনূর এবং দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে তারা দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ও দর্শকনন্দিত চলচ্চিত্র। অভিনয়গুণে যেমন দর্শকের ভালোবাসা অর্জন করেছেন, তেমনি চলচ্চিত্র অঙ্গনেও নিজেদের জন্য তৈরি করেছেন শক্ত অবস্থান।
যদিও বর্তমানে তাদের নিয়মিত দেখা যায় না রূপালি পর্দায়, তবুও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই দুই তারকা। সম্প্রতি অভিনেত্রী পূর্ণিমা সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরের সঙ্গে কাটানো কিছু পুরোনো মুহূর্তের একটি ভিডিও শেয়ার করে স্মৃতিচারণ করেছেন।
ভিডিওটির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।’
শাবনূরের সঙ্গে কাটানো সময়ের কথা স্মরণ করে তিনি আরও লেখেন, ‘২-৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।’
পোস্টের শেষাংশে প্রিয় সহকর্মীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পূর্ণিমা লেখেন, ‘আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’
জানা যায়, প্রায় তিন বছর আগে স্বামী ও কন্যাকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি সফরে গিয়েছিলেন পূর্ণিমা। সেখানে অবস্থানকালে তার সফরের খবর পেয়ে শাবনূর নিজ বাসভবনে আমন্ত্রণ জানান। সেই সফরেই একসঙ্গে সময় কাটান দুই অভিনেত্রী।
সেসময় শাবনূরের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রচলিত নানা গুঞ্জনেরও জবাব দিয়েছিলেন পূর্ণিমা। তিনি বলেছিলেন, ‘একটা বিষয় পরিষ্কার করতে চাই, সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়ো সম্পর্ক। কিন্তু মোটেও তা না। আমাদের দুজনের সম্পর্কটা ফুলের পাপড়ির মতো। শাবনূর আপা অভিনয়ের প্রতিষ্ঠান। আমাদের সবার অনুপ্রেরণা। যখন ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছি, নির্মাতারা শাবনূর আপার উদাহরণ দিয়ে সেভাবে কাজ চাইতেন আমাদের কাছে। কিন্তু আমরা আপার ধারেকাছেও ছিলাম না। আমি অনেকবার তাকে কপি করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। মানুষ হিসেবে তার তুলনা নেই।’
পূর্ণিমার এই আবেগঘন পোস্টের পর সামাজিক মাধ্যমে দুই জনপ্রিয় অভিনেত্রীর পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও বন্ধুত্বের সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে।
