শুক্রবার ০৫, জুন ২০২৬

শুক্রবার ০৫, জুন ২০২৬ -- : -- --

ঈদযাত্রায় সড়কে হতাহত ১১১৮ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ১২:০৬ পিএম

সংগৃহীত ছবি

ঈদুল আজহাকে কেন্দ্র করে যাতায়াতের চাপ বাড়ার সময়ে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানি উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। ঈদের আগে ও পরে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে সারাদেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মোট দুর্ঘটনার মধ্যে ১৪১টি ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৪ জন, যা মোট প্রাণহানির ৪৪ দশমিক ১২ শতাংশ। এছাড়া দুর্ঘটনায় ৩৭ জন পথচারী এবং ৩৩ জন যানবাহনের চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।

সড়কপথের পাশাপাশি নৌ ও রেলপথেও দুর্ঘটনা ঘটেছে। এ সময়ে ১৩টি নৌপথ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন ১২৪ জন। এছাড়া বাসযাত্রী ২১ জন, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের আরোহী ৩২ জন, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের ১১ জন, থ্রি-হুইলার যাত্রী ৪৮ জন এবং স্থানীয় যানবাহনের ৮ জন নিহত হয়েছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ বিভাগে ৯৫টি দুর্ঘটনায় ১০১ জন নিহত হয়েছেন। বিপরীতে, সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, যেখানে ৯টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জন।

জেলাভিত্তিক হিসেবে ফরিদপুরে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। জেলাটিতে ১৯টি দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, ট্রাফিক আইন কার্যকর প্রয়োগ এবং ঝুঁকিপূর্ণ যানবাহন নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে দুর্ঘটনা ও প্রাণহানির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Link copied!