রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০৮:২৭ পিএম
শুক্রবার ০৫, জুন ২০২৬ -- : -- --
জবির তিন শিক্ষার্থীর ফুল ফান্ডেড পিএইচডি। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
উচ্চশিক্ষায় নতুন এক সাফল্যের নজির গড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষার্থী। একাডেমিক কৃতিত্ব, গবেষণায় অবদান এবং দীর্ঘদিনের অধ্যবসায়ের স্বীকৃতিস্বরূপ তাঁরা যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ফুল ফান্ডেড পিএইচডি ও গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ (জিআরএ) অর্জন করেছেন।
সফল এই তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর) বিভাগের মোরশেদ আলম, মাইক্রোবায়োলজি বিভাগের তিলোত্তমা রায় এবং ভূগোল ও পরিবেশ বিভাগের মো. মাহমুদুল হাসান।
জানা গেছে, আইইআর বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোরশেদ আলম যুক্তরাষ্ট্রের বিখ্যাত University of Connecticut-এ শিক্ষা (Education) বিষয়ে ফুল ফান্ডেড পিএইচডি ও গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ (GRA) পেয়েছেন। উচ্চশিক্ষার আবেদনপ্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার পর সম্প্রতি তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রের ভিসাও পেয়েছেন। মোরশেদ আলম বাংলাদেশভিত্তিক গবেষণামূলক প্ল্যাটফর্ম ‘রিসার্চ হেল্প বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিলোত্তমা রায় যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের Wayne State University-তে ফুল ফান্ডেড পিএইচডির সুযোগ পেয়েছেন। স্নাতকে ৪.০০-এর মধ্যে ৩.৯৪ এবং স্নাতকোত্তরে ৩.৮৩ সিজিপিএ অর্জনকারী তিলোত্তমা কর্মজীবনের পাশাপাশি নিয়মিত গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছেন। আন্তর্জাতিক জার্নালে তাঁর একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বর্তমানে নিউমোনিয়ার সম্ভাব্য ওরাল ভ্যাকসিন নিয়ে তাঁর উদ্ভাবনী গবেষণা ধারণা মার্কিন বিশ্ববিদ্যালয়টির গবেষকদের মধ্যেও আগ্রহ সৃষ্টি করেছে।
একই ধারাবাহিকতায় জবির ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে ২০২২ সালে স্নাতক এবং ২০২৩ সালে থিসিসসহ স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থী মো. মাহমুদুল হাসানও যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড পিএইচডির সুযোগ অর্জন করেছেন। উদীয়মান এই ভূস্থানিক (Geospatial) গবেষক ইতোমধ্যে আন্তর্জাতিক পিয়ার রিভিউড জার্নালে ১৫টি গবেষণা প্রবন্ধ, দুটি বইয়ের অধ্যায় এবং পাঁচটি সম্মেলন প্রবন্ধ প্রকাশ করেছেন। পাশাপাশি Springer Nature ও Elsevier-এর মতো বিশ্বখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠানের জার্নালে তিনি পিয়ার রিভিউয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয়ের সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও একাডেমিক পড়াশোনা, চাকরি এবং উচ্চমানের গবেষণা কার্যক্রম সমানতালে চালিয়ে গিয়ে এই তিন শিক্ষার্থী আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধার স্বাক্ষর রেখেছেন। তাঁদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হচ্ছে।
তিন শিক্ষার্থীর এই সাফল্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকমণ্ডলী এবং সহপাঠীরা অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টদের আশা, তাঁদের এই অর্জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।