প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৯:৪১ এএম
উচ্চ বেতন ও আকর্ষণীয় সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানের জামানতও বাজেয়াপ্ত করেছে সরকার।
সোমবার (১ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। লাইসেন্স বাতিল হওয়া এজেন্সিগুলো হলো-আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)।
এ বিষয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা করে দেশের নাগরিকদের ঝুঁকির মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠান বা চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কয়েকটি অসাধু প্রতিষ্ঠানের কারণে দেশের বৈদেশিক কর্মসংস্থান খাতের সুনাম ক্ষুণ্ন হতে দেওয়া হবে না। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে নজরদারি ও তদারকি আরও জোরদার করা হবে।
মন্ত্রী জানান, প্রতারণার শিকার হয়ে রাশিয়ায় যাওয়া ৩০ বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে এবং মস্কোতে বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া মস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভুক্তভোগীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিদেশগামী কর্মীদের প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধতা, চাকরির ধরন এবং চুক্তির শর্তাবলি ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
