প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ১১:৫২ এএম
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক সাফল্যের পর বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে মঙ্গলবার (২ জুন) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত সাধারণ পরিষদের নির্বাচনে জয়লাভ করেন ড. খলিলুর রহমান। স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়া ভোটগ্রহণে অংশ নেয় জাতিসংঘের ১৯০টি সদস্যরাষ্ট্র।
নির্বাচনে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান ৯৯টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বহুপক্ষীয় কূটনীতি বিষয়ক বিশেষ দূত ও রাষ্ট্রদূত আন্দ্রেজ কাকাউরিস পান ৯১টি ভোট। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয় নিশ্চিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতি নির্বাচিত হন তিনি।
এই নির্বাচনের মাধ্যমে ড. খলিলুর রহমান বাংলাদেশের দ্বিতীয় নাগরিক হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এর আগে ১৯৮৬ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম সভাপতি নির্বাচিত হয়েছিলেন। প্রায় চার দশক পর আবারও বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেল।
বিশ্লেষকরা বলছেন, এমন এক সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হলো যখন বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত, ক্রমবর্ধমান ভূরাজনৈতিক মেরুকরণ, জাতিসংঘের আর্থিক সংকট এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন সামনে এসেছে।
অন্যদিকে, বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ আগামী বছর শেষ হওয়ার প্রেক্ষাপটে জাতিসংঘের পরবর্তী নেতৃত্ব নির্বাচন নিয়েও আন্তর্জাতিক পরিসরে আলোচনা শুরু হয়েছে। এমন বাস্তবতায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচিত হওয়াকে তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
আগামী এক বছর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।
