প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০৮:৫১ এএম
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে থানা থেকে যারা প্রশ্নপত্র সংগ্রহ করবেন, তাদের তথ্য পাঠাতে বলা হয়েছিল। গত সোমবার জারি করা এ সংক্রান্ত চিঠিটি স্থগিত করা হয়েছে।
নতুন চিঠিতে যা বলছে বোর্ড
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা নতুন চিঠিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভির ডিভিআর, এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি, থানা থেকে প্রশ্নপত্র গ্রহণে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্যগুলো পাঠানোসংক্রান্ত চিঠি স্থগিত করা হলো। এ বিষয়ে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
নতুন চিঠিতে যা বলছে বোর্ড
গত এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ সচল রাখা হয়। এতে নকলের প্রবণতা কমেছে। পাশাপাশি এ নিয়ে সমালোচনারও সৃষ্টি হয়। পরীক্ষাকেন্দ্রে এ ধরনের পদক্ষেপে পরীক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও অনেক শিক্ষাবিদক আশঙ্কা প্রকাশ করেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু গণমাধ্যমকে বলেন, ‘আমরা আগের চিঠিটা স্থগিত করেছি। শিগগির হয়তো আরেকটা চিঠি দেওয়া হবে।’ কী কারণে স্থগিত করা হয়েছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা অভ্যন্তরীণ বিষয়।’
