শুক্রবার ০৫, জুন ২০২৬

শুক্রবার ০৫, জুন ২০২৬ -- : -- --

ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০৯:১১ এএম

প্রতীকী ছবি

ইতালিতে উচ্চশিক্ষাপ্রত্যাশী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকার ইতালি দূতাবাস। নির্দেশনায় ভিসাপ্রত্যাশীদের অ্যাপয়েন্টমেন্টের বিষয় ছাড়াও ভাষাদক্ষতা, স্পনসর এবং কী কী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে তা জানানো হয়েছে।

সোমবার (১ জুন) ঢাকায় দেশটির ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল এ তথ্য জানিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ইউনিভার্সিটি পোর্টালে নিয়মিত নিবন্ধন করেছেন, তাদের সঙ্গে ভিএফএস গ্লোবাল ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করবে। যোগাযোগের মাধ্যমে স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার জন্য তাদের অ্যাপয়েন্টমেন্টের তারিখ নির্ধারণ করা হবে। আলাদা করে শিক্ষার্থীকে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে না। ইউনিভার্সিটিতে তাদের নিবন্ধনের জন্য আবেদনকারীরা যে ই-মেইল ঠিকানা ব্যবহার করেছিলেন, সেই একই ই-মেইলে ভিএফএস যোগাযোগ করবে।

এ ছাড়া শিক্ষার্থীদের স্পনসর কারা হতে পারবেন সে বিষয়ে ভিএফএস বলছে, এখন মা–বাবার পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুফু, মামা-খালা এবং কাজিনের আর্থিক গ্যারান্টিও গ্রহণ করা হবে। এমনকি ইতালিতে বসবাসরত আত্মীয়রাও স্পনসর হতে পারবেন।

পাশাপাশি ভাষাগত দক্ষতা সার্টিফিকেট বাধ্যতামূলক। ভাষার ক্ষেত্রে দূতাবাস কেবল বিশ্বব্যাপী স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট গ্রহণ করবে, যেখানে মৌখিক বোধগম্যতা, লিখিত বোধগম্যতা, কথা বলা ও লেখার ক্ষেত্রে আবেদনকারীর ভাষাগত দক্ষতা স্পষ্টভাবে উল্লেখ করা থাকতে হবে। এ ছাড়া আবেদনের সঙ্গে আবেদনকারী অধ্যয়নের সত্যতার প্রমাণ হিসেবে সিআইএমইএ কিংবা ডিক্লেয়ারেশন অব ভ্যালু জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস।

দূতাবাস বলছে, বিশ্ববিদ্যালয়ের প্রাক্‌-তালিকাভুক্তির জন্য স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৯ অক্টোবর ২০২৬।

Link copied!