প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৮:৩৮ এএম
টানা ৭ দিনের ঈদের ছুটি শেষ হলো আজ (১ জুন)। খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। ফলে রাজধানীর বিভিন্ন সড়কেও যানবাহনের চাপ বাড়ছে।
এ বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘ ছুটি শেষে আজ থেকেই লাখো কর্মজীবী মানুষ নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।
ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মচাঞ্চল্য তুলনামূলক কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিন অনেকেই কর্মঘণ্টার একটা বড় অংশ সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলবিনিময় করে কাটাবেন।
প্রসঙ্গত, গত ২৮ মে দেশে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়। ঈদুল আজহা উপলক্ষে আগে থেকেই ৬ দিন ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার।
