প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০২:৪৬ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। তার এ মনোনয়নের খবরে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে জাকির হোসেন উজ্জ্বল জাতীয়তাবাদী ধারার রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। ছাত্ররাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলার সূচনা। নব্বইয়ের দশকে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে রাজনীতিতে যুক্ত হয়ে তিনি ধাপে ধাপে কলেজ, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে কেন্দ্রীয় পর্যায়েও দায়িত্ব লাভ করেন।
মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বে জেলার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন।
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা ছড়িয়ে পড়ে। জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
জাকির হোসেন উজ্জ্বল বলেন, “যুবসমাজকে সংগঠিত করতে আমি অতীতের মতোই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের ভূমিকা জোরদার করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তার এই মনোনয়নকে মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় পর্যায়ে তার সক্রিয় ও কার্যকর ভূমিকার মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জাতীয় রাজনীতিতেও মৌলভীবাজারের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।
