প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০১:৪১ পিএম
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখা।
‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে বুধবার (৩ জুন) সকালে বীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক পরিবারের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল বাহার। তিনি বলেন, “বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি মানুষের অন্তত একটি করে গাছ লাগানো উচিত।”
চারা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, এসব গাছ বড় হলে একদিকে যেমন পরিবারের অর্থনৈতিক চাহিদা পূরণে সহায়ক হবে, অন্যদিকে পরিবেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন উদ্যোগকে তারা সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও সমাজসেবক সোহেল আহমেদ, সভাপতি তানভীর ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার হাসান, সহ-সভাপতি সাবির হোসেন, প্রদীপ রায় জিতু ও মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদস্য রিপন ইসলাম, রবি আকবর, জামিউল ফেরদৌসী, তামিম আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষা ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, একটি গাছ শুধু একটি চারা নয়; এটি আগামী দিনের নির্মল বাতাস, ছায়া, খাদ্য ও নিরাপদ পরিবেশের প্রতিশ্রুতি। সেই বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতেই বীরগঞ্জে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
