প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০৮:২৭ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উপহার সামগ্রী বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরিতে অধ্যয়নরত এবং বিভিন্ন পরীক্ষা ও চাকরির প্রস্তুতির কারণে ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয়।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেন জকসুর নেতৃবৃন্দ। উপহার সামগ্রীর মধ্যে ছিল প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ঈদ উপযোগী বিভিন্ন সামগ্রী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “ঈদ মানে আনন্দ ও সম্প্রীতির উৎসব। অনেক শিক্ষার্থী পারিবারিক কিংবা একাডেমিক কারণে বাড়ি যেতে পারে না। তাদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “আমাদের অনেক সহপাঠী পরীক্ষা, চাকরির প্রস্তুতি কিংবা আর্থিক সীমাবদ্ধতার কারণে ঢাকাতেই অবস্থান করছে। ঈদের সময় যেন তারা একাকিত্ব অনুভব না করে, সেই চিন্তা থেকেই এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই, বিশ্ববিদ্যালয় পরিবার হিসেবে সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করি।”
জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, “উন্মুক্ত লাইব্রেরিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের একটি বড় অংশ পরিবার থেকে দূরে থেকে সংগ্রাম করছে। তাদের মুখে হাসি ফোটাতে এবং ঈদের অনুভূতি পৌঁছে দিতে আমরা এই উপহার বিতরণের আয়োজন করেছি।”
এজিএস মাসুদ রানা বলেন, “জকসু সবসময় শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে। শুধু আনুষ্ঠানিকতা নয়, শিক্ষার্থীদের বাস্তব প্রয়োজন ও আবেগকে গুরুত্ব দিয়েই আমরা কাজ করছি।”
উপহার গ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, “পরীক্ষার কারণে এবার বাড়ি যেতে পারিনি। ঈদের সময় পরিবার ছাড়া মন খারাপ থাকলেও জকসুর এই উদ্যোগ আমাদের অনেক ভালো লাগা দিয়েছে।”
আরেক শিক্ষার্থী বলেন, “ক্যাম্পাসে থেকেও ঈদের আমেজ অনুভব করছি। শিক্ষার্থীদের কথা ভেবে এমন আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।”
শিক্ষার্থীরা মনে করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জকসুর এ ধরনের মানবিক উদ্যোগ ক্যাম্পাসে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করবে।
