মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০৫:৪৩ পিএম
বৃহস্পতিবার ২৮, মে ২০২৬ -- : -- --
সংগৃহীত ছবি
চার দেয়ালের ভেতরেও ঈদের আনন্দ থেকে বাদ যাননি মৌলভীবাজার জেলা কারাগারের বন্দিরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কারাবন্দিদের জন্য নেওয়া হয় বিশেষ আয়োজন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে বন্দিদের পাশাপাশি দায়িত্বরত কারারক্ষীরাও অংশ নেন। নামাজ শেষে বন্দিদের জন্য পরিবেশন করা হয় মুড়ি ও পায়েসের বিশেষ সকালের নাস্তা।
মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো. তারিকুল ইসলাম জানান, বন্দিরা যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বন্দিরা একসঙ্গে নামাজ আদায় করেছেন এবং খাবার গ্রহণ করেছেন।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে এদিন কারাগারে আসেন বন্দিদের স্বজনরাও। প্রায় শতাধিক স্বজনকে সেমাই, মুড়ি এবং শিশুদের চকলেট দিয়ে বরণ করে নেয় কারা কর্তৃপক্ষ।
দুপুরে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। মেন্যুতে ছিল পোলাও ও গরুর রেজালা। এছাড়া যারা গরুর মাংস খান না এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য রাখা হয় খাসির মাংস, মুরগির রোস্ট, মিষ্টি, সালাদ, কোমল পানীয় ও পান-সুপারি। রাতে পরিবেশন করা হয় সাদা ভাত, রুই মাছ ভাজা ও আলুর দম।
জেলার কাজী মাজহারুল ইসলাম জানান, কারা মহাপরিদর্শকের নির্দেশনায় বন্দিদের জন্য জামাতে নামাজ, বিশেষ খাবার, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ, সরকারি মোবাইলে কথা বলা এবং বাড়ি থেকে রান্না করা খাবার খাওয়ার সুযোগসহ বিভিন্ন মানবিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
“কারাগার শুধু শাস্তির স্থান নয়, বরং সংশোধন ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র,” বলেন তিনি। বর্তমানে মৌলভীবাজার জেলা কারাগারে ৬৬৩ জন বন্দি রয়েছেন।
এদিন বন্দি ও তাদের স্বজনদের খোঁজখবর নিতে কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।