প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০২:১৮ পিএম
ঈদুল আজহা ঘিরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে তৈরি হয় এক ভিন্ন আবহ। সারা বছরের ক্লাস, ল্যাব, অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশনের ব্যস্ততা শেষে শিক্ষার্থীরা যখন পরিবারের কাছে ফিরতে শুরু করেন, তখন প্রাণচঞ্চল ক্যাম্পাস ধীরে ধীরে রূপ নেয় এক আবেগঘন নীরবতায়। হলের ব্যস্ত করিডোরগুলো ফাঁকা হয়ে যায়, আর ঈদকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মনে জন্ম নেয় পরিবার, শেকড় ও সম্পর্কের প্রতি নতুন অনুভব।
বুটেক্স শিক্ষার্থীদের কাছে কোরবানির ঈদ শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি ত্যাগ, সহমর্মিতা, আত্মশুদ্ধি ও মানবিকতার এক গভীর শিক্ষা। ভিন্ন ধর্ম, ভিন্ন বিভাগ ও ভিন্ন অভিজ্ঞতার শিক্ষার্থীরা ঈদকে ভিন্নভাবে দেখলেও তাদের অনুভূতির কেন্দ্রে রয়েছে একই বার্তা—মানবতা, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ।
অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম বৃষ্টি বলেন, "ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মশুদ্ধি, তাকওয়া ও মানবিকতার এক গভীর শিক্ষা। কোরবানির মূল চেতনা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার মানসিকতা গড়ে তোলা। ছোটবেলা থেকেই আমাদের পরিবারে কোরবানির মাংস গরিব মানুষের মাঝে নিজের হাতে পৌঁছে দেওয়ার শিক্ষা পেয়েছি। সেই অভিজ্ঞতা আমাকে মানুষের কষ্ট ও অনুভূতি বুঝতে শিখিয়েছে। সময়ের সঙ্গে উপলব্ধি করেছি, ঈদের প্রকৃত আনন্দ নতুন পোশাক বা আয়োজনের মধ্যে নয়; বরং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই এর সৌন্দর্য নিহিত। কোরবানির এই শিক্ষা মানুষকে আরও বিনয়ী, দায়িত্বশীল ও মানবিক হতে শেখায়।"
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. তাহফিমুল ইসলাম মিতুল বলেন, "কোরবানির ঈদ আমার কাছে আনন্দ, ত্যাগ ও মানবিক উপলব্ধির এক বিশেষ সময়। শহরের ব্যস্ততা ছেড়ে পরিবারের কাছে ফেরা, সবার সঙ্গে সময় কাটানো এবং ঈদের নামাজ ও কোরবানির আয়োজন পুরো পরিবারকে একত্র করে। ঈদের সবচেয়ে বড় শিক্ষা হলো অহংকার, লোভ ও স্বার্থপরতাকে ত্যাগ করা। কোরবানির মাংস সবার মাঝে ভাগ করে দেওয়ার মাধ্যমে সমাজে সহমর্মিতা ও সমতার বার্তা ছড়িয়ে পড়ে। ছোটবেলার ঈদের অনেক কিছু বদলে গেলেও ঈদের মূল অনুভূতি এখনো একই—ত্যাগ, ভালোবাসা আর সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করা।"
ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী রামিসা হক চৌধুরী বলেন, "কোরবানির ঈদ আমার কাছে ত্যাগ, ভালোবাসা ও মানবতার শিক্ষা। ঈদের সবচেয়ে সুন্দর দিক হলো সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করা। ইসলাম ধর্মের উৎসব হলেও এই ঈদ আমাদের শেখায় মানুষে মানুষে সম্পর্ক আরও দৃঢ় করতে। কোরবানির মূল শিক্ষা আমি দেখি নিজের ইচ্ছার চেয়ে আল্লাহর নির্দেশকে প্রাধান্য দেওয়ার মধ্যে। ছোটবেলায় ঈদ মানে শুধু আনন্দ ছিল, কিন্তু এখন এর সঙ্গে দায়িত্ববোধ ও অংশগ্রহণও যুক্ত হয়েছে। আমার কাছে কোরবানি মানে নিজের ভেতরের অহংকার ও নেতিবাচক প্রবৃত্তিকে ত্যাগ করে মানবিক মূল্যবোধের চর্চা করা।"
টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ম্যানুয়েল অধিকারী স্পন্দন বলেন, "কোরবানির ঈদ শুধু মুসলিমদের ধর্মীয় উৎসব নয়, এটি মানুষে মানুষে সম্পর্ক, সহমর্মিতা ও ভাগাভাগিরও উৎসব। মুসলিম বন্ধুদের ঈদ উদযাপন সবসময়ই আমার ভালো লাগে। কয়েকবার বন্ধুদের বাসায় ঈদের দাওয়াতে অংশ নেওয়ার সুযোগ হয়েছে। তাদের পরিবারের আন্তরিকতা ও আতিথেয়তা আমাকে খুব আপন অনুভব করিয়েছে। ছোটবেলায় ঈদকে শুধু ধর্মীয় উৎসব হিসেবে দেখলেও এখন বুঝি, এর ভেতরে ত্যাগ, সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার গভীর শিক্ষা রয়েছে। কোরবানির মাংস আত্মীয়স্বজন ও অসচ্ছল মানুষের মাঝে বিতরণের বিষয়টি সমাজে সমতা ও সম্প্রীতির সুন্দর উদাহরণ তৈরি করে।"
ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আনজুম আবদুল্লাহ ত্বাহা বলেন, "মুসলমানদের জীবনে প্রতি বছর সবচেয়ে বড় দুটি আনন্দের উপলক্ষ্য হলো দুই ঈদ। এর মধ্যে ঈদুল আযহা বা কোরবানির ঈদ একটি বিশেষ তাৎপর্য বহন করে। এই ঈদ শুধু আনন্দের নয়, বরং ত্যাগ, আত্মশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পরিবার-পরিজনের সঙ্গে হৃদয়ের বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য শিক্ষা দেয়।"
তিনি আরও বলেন, "বুটেক্সে পড়াশোনার জীবনের ব্যস্ততা তুলে ধরে তিনি বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লাস, শেষ দুই সপ্তাহের ক্লাস টেস্ট, ভাইভা, অ্যাসাইনমেন্ট আর নানা ব্যস্ততার মাঝেও ঈদের কথা মনে হলে মন এক ভিন্ন প্রশান্তিতে ভরে ওঠে। ঈদুল আযহা আমাদের শেখায় কোরবানি কেবল পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নিজের অহংকার, স্বার্থপরতা ও খারাপ প্রবৃত্তিকে ত্যাগ করাও এর বড় শিক্ষা।”
ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মো. সাকিব পারভেজ শীতল বলেন, "ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা সবাই মিলে ভাগ করে নেওয়া হয়। কোরবানি শুধু পশু উৎসর্গ নয়, বরং নিজের ভেতরের অহংকার ও স্বার্থপরতা ত্যাগের শিক্ষা। ছোটবেলার ঈদ এবং বর্তমান ঈদের পার্থক্য রয়েছে। এখন ঈদে দায়িত্ববোধ ও পরিবারের সঙ্গে সময় কাটানোর গুরুত্ব বেড়েছে। কোরবানির ঈদ হলো ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক পবিত্র উৎসব।"
শিক্ষার্থীদের অভিব্যক্তিতে বারবার উঠে এসেছে কোরবানির প্রকৃত শিক্ষা—নিজের ভেতরের অহংকার, লোভ ও স্বার্থপরতাকে ত্যাগ করে মানবিকতার পথে এগিয়ে যাওয়া। ভিন্ন অভিজ্ঞতা ও উপলব্ধির মধ্যেও সবাই যেন এক জায়গায় এসে মিলিত হয়েছেন সম্প্রীতি ও ভালোবাসার বার্তায়।
কোরবানির ঈদ তাই বুটেক্স শিক্ষার্থীদের কাছে শুধু উৎসব নয়; এটি আত্মশুদ্ধি, দায়িত্ববোধ ও মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ উপলক্ষ।
