বৃহস্পতিবার ২৮, মে ২০২৬

বৃহস্পতিবার ২৮, মে ২০২৬ -- : -- --

একদিনেই যমুনা সেতুতে ৩ কোটি ৪১ লাখ টাকার টোল আদায়

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ মে ২০২৬, ১০:৫৪ এএম

ছবি: সংগৃহীত

ঈদে ঘরমুখো মানুষের চাপের মধ্যে যমুনা সেতুতে যানবাহন চলাচল ও টোল আদায়ে নতুন রেকর্ডের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন পারাপার করেছে। এ সময় টোল বাবদ আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ২ হাজার ৬৫০ টাকা। 

বৃহস্পতিবার (২৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত এই হিসাব নেওয়া হয়। এর মধ্যে উত্তরবঙ্গমুখী যানবাহনের সংখ্যা ছিল ৩২ হাজার ৯০৭টি। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৭৫০ টাকা। অন্যদিকে ঢাকামুখী ১২ হাজার ৯৮২টি যানবাহন পারাপার করেছে, যেখান থেকে আদায় হয়েছে ১ কোটি ১ লাখ ১৬ হাজার ৯০০ টাকা।

নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর দুই প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এছাড়া মোটরসাইকেলের জন্য আলাদা দুটি বুথ ব্যবহৃত হচ্ছে। টোল আদায় কার্যক্রম সার্বক্ষণিক সচল রাখতে কর্তৃপক্ষ কাজ করছে।

ঈদযাত্রার শেষ দিনে বুধবার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে বাড়ি ফেরা যাত্রীরা দীর্ঘ সময় ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ একযোগে কাজ করেছে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে যমুনা সেতু চালুর পর থেকেই সেখানে টোল আদায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। অতীতে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) এ দায়িত্বে থাকলেও সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের শেষ দিক থেকে বর্তমানে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন টোল আদায়ের দায়িত্ব পালন করছে।

Link copied!