প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০২:৩৪ পিএম
জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে দ্বিতীয় দিনের মতো জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ চলাকালে কয়েকজন আন্দোলনকারীকে মহাসড়কের মাঝেই ক্রিকেট খেলতে দেখা যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয় এবং ঈদ উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে জামালপুর বাসস্টেশন এলাকায় মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
অবরোধের কারণে ঢাকামুখী ও ঢাকা থেকে ছেড়ে আসা অসংখ্য যানবাহন আটকা পড়ে। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের অনেককে শিশু ও মালপত্র নিয়ে সড়কের পাশে অপেক্ষা করতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ১৯ বছর ধরে দড়িপাড়া, দাপুনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা বিরাজ করছে। এতে ফসলি জমি, ঘরবাড়ি ও স্থানীয় সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগেও রোববার (২৪ মে) একই দাবিতে বিসিক কার্যালয়ের সামনে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছিলেন এলাকাবাসী। পরে পৌরসভার পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে তারা কর্মসূচি স্থগিত করেন। তবে পরদিনও দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখায় ক্ষোভ থেকে আবারও সড়কে নেমেছেন তারা।
বিক্ষোভকারীরা জানান, বছরের পর বছর শুধু আশ্বাসই মিলেছে, বাস্তব সমাধান হয়নি। জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বারবার গিয়েও কোনো স্থায়ী ব্যবস্থা না পাওয়ায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জলাবদ্ধতা সমস্যাকে কেন্দ্র করে স্থানীয়রা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
