বৃহস্পতিবার ২৮, মে ২০২৬

বৃহস্পতিবার ২৮, মে ২০২৬ -- : -- --

বায়তুল মোকাররমে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মে ২০২৬, ১০:৩১ এএম

নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন সবাই, ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে ঈদুল ফিতরের জামাতে অংশ নিতে আসা মুসল্লির ঢল নেমেছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় অনুষ্ঠিত প্রধান ঈদ জামাতে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। এদিন ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন মুসল্লিরা। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এদিন সকাল ৭টায় বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমাম ছিলেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন ক্বারী ইসহাক।

প্রথম জামাত শেষে এক আবেগঘন পরিবেশে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানান।

বায়তুল মোকাররমে আজ পর্যায়ক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জামাত শুরু হয় সকাল ৮টায়। এতে ইমাম ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। আর মুকাব্বির বায়তুল মোকাররমের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।

সকাল ৯টার তৃতীয় জামাতের ইমাম ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মো. আব্দুল্লাহ। মুকাব্বির খাদেম মো. রুহুল আমিন।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করেছেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির ছিলেন খাদেম মো. আব্দুল হাদী।

পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। এ জামাতে মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আমির হোসেন।

পাঁচটি জামাতের কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম। আর বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মো. শামসুল হক।

Link copied!