বৃহস্পতিবার ২৮, মে ২০২৬

বৃহস্পতিবার ২৮, মে ২০২৬ -- : -- --

ঈদ আনন্দ ভাগাভাগি করতে জাবিতে জাকসুর ‘ঈদ উৎসব’

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২৮ মে ২০২৬, ১০:১৩ এএম

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঈদের দিন ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ‘ঈদ উৎসব’ আয়োজন করবে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। ঈদের শুভেচ্ছা বিনিময় ছাড়াও আয়োজনে থাকছে সবার জন্য প্রীতিভোজ ও খেলাধুলা।

বুধবার (২৭ মে) জাকসু সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঈদের দিন রাত ৮টায় জাকসু ভবনে এ উৎসব হবে।

উৎসবের প্রীতিভোজে থাকছে পোলাও, চাইনিজ সবজি, ডিম, খাসির রেজালা, মুগ ডাল ও মিষ্টির ব্যবস্থা। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে এ আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে জাকসু।

এ বিষয়ে জাকসু জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘প্রতি ঈদেই একাডেমিক ও নানা কারণে অনেক শিক্ষার্থী নিজ বাড়িতে যেতে পারেন না। তাদের কথা ভেবে জাকসু ঈদের দিন রাতে প্রীতিভোজ ও ঈদ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন রেখেছে।’

ঈদুল ফিতরে আমরা সেভাবে আয়োজন রাখতে পারিনি, যা শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের কষ্ট দিয়েছে। আমরা মনে করি যারা অনিবার্য কারণে পরিবার থেকে দূরে ঈদ করছেন, তাদের ব্যাপারে চিন্তা করা আমাদের দায়িত্ব। এ সময় সবাইকে নিয়েই কাজ করার প্রতাশা ব্যক্ত করেন জিএস মাজহার।

Link copied!