প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৩:১৯ পিএম
শিশুদের সিসা দূষণের ঝুঁকি থেকে সুরক্ষা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা পিওর আর্থের সহযোগিতায় আর্থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইডিএফ)। কর্মসূচি থেকে সিসামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পাঁচ দফা সুপারিশও তুলে ধরা হয়েছে।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা পিওর আর্থের সহযোগিতায় বৃহস্পতিবার (১৬ জুলাই) নগরীর আলুপট্টি ও সাহেববাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করে আর্থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইডিএফ)। স্থানীয় সহযোগী হিসেবে এতে অংশ নেয় ইকোনমিক্স আর্থ সোসাইটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং প্রজেক্ট আর্থকেয়ার।
‘সিসা দূষণ বন্ধ করি, সুস্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করি’ প্রতিপাদ্যে আয়োজিত র্যালিতে প্রজেক্ট আর্থকেয়ারের সমন্বয়ক ও তাঁর দল, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী, সমাজকর্মী এবং স্বেচ্ছাসেবীসহ প্রায় ৬০ জন অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা “সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে” স্লোগান দেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বে সিসা দূষণের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দেশের প্রতি ১০ জন শিশুর মধ্যে প্রায় ৪ জনের রক্তে অতিরিক্ত সিসার উপস্থিতি রয়েছে। এর ফলে শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ, বুদ্ধিমত্তা ও মনোযোগের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। বক্তারা আরও বলেন, দেয়ালের রং, খেলনা, অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র এবং সিসা অ্যাসিড ব্যাটারির অনিয়ন্ত্রিত পুনর্ব্যবহার দেশে সিসা দূষণের প্রধান উৎস।
অনুষ্ঠানে পিওর আর্থ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিতালী দাশ এবং ইডিএফের যুববিষয়ক উপদেষ্টা ফাইয়ায আনাম স্বনন শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সিসামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ এবং সরকারি নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা নীতিনির্ধারকদের কাছে পাঁচ দফা সুপারিশ তুলে ধরেন। সুপারিশগুলো হলো, সিসাকে বিষাক্ত রাসায়নিক হিসেবে ঘোষণা করে সমন্বিত জাতীয় কৌশল ও আইন প্রণয়ন, শিশু ও গর্ভবতী নারীদের রক্তে সিসার মাত্রা নিয়মিত পরীক্ষা এবং ভোগ্যপণ্যের মান কঠোরভাবে নিয়ন্ত্রণ, অবৈধ ব্যাটারি রিসাইক্লিং বন্ধ করে বর্ধিত উৎপাদক দায়িত্ব (EPR) কার্যকর করা, সিসা দূষিত এলাকা চিহ্নিত করে পরিবেশ পুনর্বাসন এবং দেশব্যাপী সিসা দূষণ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা।
