প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ১১:২৫ পিএম
বর্ষাকালে আর্দ্রতা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, এ সময় ই. কোলাই (E. coli) ও সালমোনেলা (Salmonella)-র মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্রুত ছড়াতে পারে। ফলে ঘরে তৈরি খাবার হলেও শাক-সবজি সঠিকভাবে পরিষ্কার ও পর্যাপ্ত তাপে রান্না না করলে পেটের সংক্রমণ, ডায়রিয়া এবং ফুড পয়জনিংয়ের মতো সমস্যার আশঙ্কা বাড়ে।
এ কারণে বর্ষাকালে কিছু শাক-সবজি খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
শাকজাতীয় সবজি খেতে হলে রান্না করুন ভালোভাবে
বর্ষার সময় বিভিন্ন ধরনের শাকপাতায় কাদা, পোকামাকড়, জীবাণু ও ব্যাকটেরিয়া লেগে থাকার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকে। বৃষ্টির পানি জমে থাকলে এসব জীবাণুর বিস্তার আরও দ্রুত ঘটতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, শাক রান্নার আগে পরিষ্কার পানিতে একাধিকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং পর্যাপ্ত তাপে সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করতে হবে। কাঁচা বা অল্প সিদ্ধ শাক খাওয়া এ সময় এড়িয়ে চলাই নিরাপদ।
বাঁধাকপি ও ফুলকপি খাওয়ার আগে নিন অতিরিক্ত সতর্কতা
সারা বছরই বাজারে বাঁধাকপি ও ফুলকপি পাওয়া গেলেও বর্ষাকালে এসব সবজি ব্যবহারে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। কারণ, কপির স্তরের ভেতরে ছোট পোকামাকড় বা ক্ষুদ্র কৃমি লুকিয়ে থাকতে পারে। এছাড়া আর্দ্র পরিবেশে ব্যাকটেরিয়ার বৃদ্ধি পাওয়ার ঝুঁকিও বেশি থাকে।
স্বাস্থ্যবিদরা পরামর্শ দেন, রান্নার আগে বাঁধাকপি ও ফুলকপি ছোট টুকরো করে কেটে কিছুক্ষণ লবণ মেশানো পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে রান্না করলে দূষণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
