শুক্রবার ১৫, মে ২০২৬

শুক্রবার ১৫, মে ২০২৬ -- : -- --

দায়িত্ব নিলেন ইবির নতুন উপাচার্য ড.মতিনুর রহমান

ইবি থেকে বিপ্লব হোসেন

প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০২:৪১ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়-এর নবনিযুক্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ কে এম মতিনুর রহমান। শুক্রবার (১৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ে যোগদানের মধ্য দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন।দায়িত্ব গ্রহণ উপলক্ষে শহীদ স্মৃতিসৌধ ও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এম এয়াকুব আলী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউট্যাব সভাপতি তোজাম্মেল হোসেন-সহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা।

দায়িত্ব নেওয়ার পর মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ বীর শহীদ এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান নতুন উপাচার্য। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এসময় ট্রেজারার জাহাঙ্গীর আলম-সহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় এবং এটি একটি সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি বলেন, বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়টি তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবেন।

তিনি আরও বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক। এর আগে তিনি প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Link copied!