শুক্রবার ১৫, মে ২০২৬

শুক্রবার ১৫, মে ২০২৬ -- : -- --

আইপিই সোসাইটি অব নিটারের বার্ষিক সাধারণ সভা

নিটার থেকে সামিহা সামি

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১১:৪৩ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের সংগঠন “আইপিই সোসাইটি অব নিটার”-এর বার্ষিক সাধারণ সভা ও ভবিষ্যৎ রূপকল্প বিষয়ক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) নিটার ক্যাম্পাসে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন নিটারের পরিচালক প্রফেসর ড. মো. আশেকুল আলম রানা, শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে আইপিই সোসাইটি অব নিটারকে ঘিরে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে প্রাক্তন শিক্ষার্থীদের ভাবনা, প্রত্যাশা এবং সোসাইটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের প্রধান রায়হান আহমেদ জয় এবং পরিচালক প্রফেসর ড. মো. আশেকুল আলম রানার বিশেষ বার্তাও এতে স্থান পায়।

অনুষ্ঠানে বক্তব্য দেন আইপিই সোসাইটি অব নিটারের প্রতিষ্ঠাকালীন কমিটির বিভিন্ন বিভাগের দলনেতা ও সহকারী দলনেতারা। তারা সোসাইটি গঠনের সময়কার বিভিন্ন চ্যালেঞ্জ, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। একইসঙ্গে বর্তমান শিক্ষার্থীরাও সোসাইটিকে ঘিরে নিজেদের প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনার কথা ব্যক্ত করেন।

এসময় সোসাইটির বিপণন ও সমন্বয় প্রধান গোবিন্দ ঘোষ সম্রাট সোসাইটির লক্ষ্য, কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও দর্শন নিয়ে একটি উপস্থাপনা প্রদান করেন। তার উপস্থাপনায় সোসাইটির দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সম্ভাবনার সুস্পষ্ট চিত্র উঠে আসে।

পরবর্তীতে দিকনির্দেশনামূলক বক্তব্যে নিটারের পরিচালক প্রফেসর ড. মো. আশেকুল আলম রানা বলেন, শিক্ষার্থীদের যেকোনো গঠনমূলক উদ্যোগে নিটার প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে। তিনি আশা প্রকাশ করেন, আইপিই সোসাইটি ভবিষ্যতেও শিক্ষণমূলক ও জাতীয় পর্যায়ের আয়োজন অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগের প্রভাষক হাসান আলী এবং আব্দুল্লাহ আল ফুয়াদ। সমাপনী বক্তব্যে নিটারের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের প্রভাষক এবং আইপিই সোসাইটি অব নিটারের কোষাধ্যক্ষ প্রমা আচার্য সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি ২০২৬-২৭ সেশনের পরিচালনা কমিটির বিভাগীয় দলনেতাদের নাম ঘোষণা করেন।

সবশেষে অতিথিবৃন্দ ও সাবেক কার্যনির্বাহী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান, কেক কাটা এবং আলোকচিত্র ধারণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন আইপিই সোসাইটি অব নিটারের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন এবং কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!