বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

বৃহস্পতিবার ১৪, মে ২০২৬ -- : -- --

নোবিপ্রবির নতুন উপাচার্য ড. গোলাম রব্বানী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৮:৪৬ পিএম

অধ্যাপক ড. গোলাম রব্বানী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৭ম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ (আইএসডব্লিউআর)-এর অধ্যাপক ড. গোলাম রব্বানী।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. গোলাম রব্বানীকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে এর মধ্যে সরকারি চাকরির অবসরের বয়স পূর্ণ হলে সেই তারিখ পর্যন্তই তার মেয়াদ কার্যকর থাকবে।

দায়িত্ব পালনকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

অধ্যাপক ড. গোলাম রব্বানী এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নিয়োগের মাধ্যমে নোবিপ্রবিতে নতুন প্রশাসনিক নেতৃত্বের সূচনা হলো।

Link copied!