প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৮:৫৫ পিএম
মৌলভীবাজার জেলায় গত ছয় দিনে পৃথক ঘটনায় পাঁচ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারাবাহিক এসব মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে তরুণী শুক্লা সিনহা শুশ্রীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও ধূম্রজাল।
বুধবার (১৩ মে) সন্ধ্যায় মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি বহুতল ভবনের ষষ্ঠ তলা থেকে শুক্লা সিনহা শুশ্রী (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শুক্লা কমলগঞ্জ উপজেলার তিলোকপুর গ্রামের রঞ্জিত সিনহা ও লক্ষ্মী রানী সিনহার বড় মেয়ে। তিনি মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালে রিসিপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি শ্রীমঙ্গল সরকারি কলেজের ইতিহাস বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সারাদিন কক্ষের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তারা।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
একই দিন সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার হাইল হাওর থেকে মাহমুদ আলী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি শহরতলীর নোয়াগাঁও এলাকার আছকর আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে মাছ ধরার সরঞ্জাম নিয়ে হাওরে যান মাহমুদ। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, পা পিছলে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এর আগে ৯ মে সকালে কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মীরবক্সপুর এলাকার একটি কালভার্টের নিচ থেকে প্রদীপ তেলি (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
কুলাউড়া থানার এসআই ফরহাদ মাতব্বর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদ্যপ অবস্থায় অসাবধানতাবশত কালভার্ট থেকে পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।
একই দিনে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানের রামপাড়া এলাকায় পুকুরে ডুবে মারা যান মোহাম্মদ হোসেন (৫৪)। স্থানীয়ভাবে তিনি “হাসিম পাগলা” নামে পরিচিত ছিলেন এবং মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
এছাড়া ৭ মে একই উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
টানা কয়েক দিনের এসব মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে শুক্লা সিনহা শুশ্রী ও মাহমুদ আলীর মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনার তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
