বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

বৃহস্পতিবার ১৪, মে ২০২৬ -- : -- --

৭ গোলের জয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে চ্যাম্পিয়ন যবিপ্রবি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৭:৩৪ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) নারী ফুটবল দল

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (মেয়ে) বিভাগের ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) নারী ফুটবল দল।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে যবিপ্রবির মেয়েরা। পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে প্রতিপক্ষকে একপ্রকার অসহায় করে তোলে দলটি।

ফাইনালে যবিপ্রবি দলের নেতৃত্ব দেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আফরা খন্দকার। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন— শিউলি রায়, আফরা খন্দকার, পূর্ণিমা রানি, সানজিদা আক্তার সাথী, রূপা খাতুন, সাদিয়া আক্তার, মনিরাতুজ জোহরা শশী, জান্নাতুল ইসলাম রুমি, সাগরিকা খাতুন, মাহাবুবা হাসনা, টোয়া রোজা, পূর্ণিমা রানি মন্ডল, অভিকা রানি হালদার অভি, সোনিয়া খাতুন, মোছাঃ আরিফা খাতুন ও আঁখি সুলতানা সাথী। তারা সবাই যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

খেলা শেষে দলীয় অধিনায়ক আফরা খন্দকার বলেন, “ফাইনালে চবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় আমরা খুবই আনন্দিত। এই সাফল্যের পেছনে দলের খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ম্যানেজারদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। তাদের দিকনির্দেশনা না থাকলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করা সম্ভব হত না।”

তিনি আরও বলেন, “আমাদের দলের মধ্যে দারুণ বন্ডিং ছিল। একদিনে দুটি ম্যাচ খেলা কঠিন হলেও কারও মধ্যে ক্লান্তি কাজ করেনি। সবাই আত্মবিশ্বাস নিয়ে খেলেছে। ভবিষ্যতেও যেন এমন সাফল্য অর্জন করতে পারি সেজন্য সবার দোয়া কামনা করছি।”

যবিপ্রবি নারী ফুটবল দলের কোচ উজ্জল চন্দ্র সূত্রধর বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও খেলোয়াড়রা ক্লাস, পরীক্ষা ও অনুশীলনের সমন্বয় করে এই অর্জন সম্ভব করেছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি ভবিষ্যতে খেলোয়াড়দের আরও উন্নত অনুশীলন সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।

দলের ম্যানেজার ইসরাত জাহান জানান, যবিপ্রবি নারী ফুটবল দল প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠে। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ৭-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়। তিনি এ সাফল্যের জন্য খেলোয়াড়, কোচ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেয়েদের ফুটবল দলের কোচিং স্টাফে ছিলেন শরীরচর্চা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ শাহিনুর রহমান এবং যশোর জেলা দলের কোচ আনোয়ার পারভেজ।

অন্যদিকে, দিনের আরেক ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে যবিপ্রবি ছেলে ফুটবল দল।

 
 
Link copied!