প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৬:০৩ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম গতকাল বৃহস্পতিবার (১৪ মে ২০২৬ খ্রি.) বিকাল ৪ টায় যোগদান করেছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চার বছরের জন্য তাঁকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়ে তিনি মহান সৃষ্টিকর্তার নিকট শোকরিয়া আদায় করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
যোগদান শেষে তিনি প্রশাসনিক ভবনস্থ সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।বিশ্ববিদ্যালয়কে সবার আগে শিক্ষার্থীবান্ধব করার উপর জোর দিয়ে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের মধ্যে আজ আমি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেছি। আমরা একটি পরিবার। আমরা সবাই মিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবো। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাই যার যার অবস্থান থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, আমি আমার উপর অর্পিত দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠা ও সততার সহিত পালন করতে সর্বদা সচেষ্ট থাকবো। বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার গুণগত নিশ্চিত করার উদ্দেশ্যে যথাযথ মানদন্ড বজায় রেখে পর্যায়ক্রমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে উচ্চ র্যাংকিং এ উন্নত করার প্রতিশ্রুতি দেন তিনি।
অধ্যাপক ড. এম এম শরীফুল করীম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সহিত স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এরপর মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন।
তিনি এর আগে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যানের এবং কলা ও মানবিক অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিলের সদস্য এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। চীফ এডিটর-সহ দেশ-বিদেশে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর উল্লেখযোগ্যসংখ্যক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
মতবিনিময় সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
