প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১০:১০ পিএম
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের নিয়োগ প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে তাঁরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বর্তমানে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নিয়োগের খবর প্রকাশের পরপরই ডুয়েট ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা নতুন ভিসিকে প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানান।
পরে তাঁরা ক্যাম্পাসসংলগ্ন সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে ডুয়েটের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত।
