বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

বৃহস্পতিবার ১৪, মে ২০২৬ -- : -- --

উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে পাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের সেমিনার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৭:৫০ পিএম

‘ক্র্যাক দ্যা স্কলারশিপ ফেজ-১’ শীর্ষক সেমিনার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) উচ্চশিক্ষা ও বিদেশি স্কলারশিপ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘ক্র্যাক দ্যা স্কলারশিপ ফেজ-১’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ এ পাস্ট ক্যারিয়ার অ্যান্ড অন্ট্রাপ্রেনারশীপ ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রভাষক ও পাস্ট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা কামরুন্নাহার রিতু।

সেমিনারে বক্তা হিসেবে অংশ নেন বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা। তারা বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া, প্রস্তুতি এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “তোমরা কী হতে চাও এবং ভবিষ্যতে কী স্বপ্ন দেখো, তা বাস্তবায়নের জন্য সুপরিকল্পিতভাবে এগোতে হবে। তোমাদের অনেকেই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাবে। তাই এখন থেকেই নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নিতে হবে।”

তিনি আরও বলেন, “যেকোনো কাজে সঠিক শব্দচয়ন ও উপস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে এআই প্রযুক্তির ব্যবহার বাড়লেও এর ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে নিজের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও ব্যক্তিত্বকে উন্নত করাই সবচেয়ে জরুরি।”

ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক বলেন, “তোমাদের আগ্রহ দেখে আমি মুগ্ধ হয়েছি। আমাদের সময় গ্রাজুয়েটরা এ নিয়ে চিন্তা করতো না। তোমাদের জন্য শুভকামনা, তোমরা নিজের স্বপ্নগুলো পূরণ করবে।”

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন পাস্ট ক্যারিয়ার অ্যান্ড অন্ট্রাপ্রেনারশীপ ক্লাবের সভাপতি তাওহীদুল ইসলাম। পরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Link copied!