রবিবার ১০, মে ২০২৬

রবিবার ১০, মে ২০২৬ -- : -- --

রুয়েটে ১৫ প্রবীণ প্রকৌশলীকে সম্মাননা

মোঃ শোয়েব বিন জামান। রুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৮:৩৯ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ “স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম” শীর্ষক কারিগরি সেমিনার এবং প্রবীণ প্রকৌশলীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৪টায় রুয়েট গেস্টহাউস কনফারেন্স রুমে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রকৌশলী শাহ্ খালেদ হাসান চৌধুরী পাহীন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর নির্বাহী পরিচালক (অপারেশন) প্রকৌশলী মো. মখলেসুর রহমান। তিনি “স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম ইন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)” শীর্ষক প্রবন্ধে স্মার্ট গ্রিড প্রযুক্তির প্রয়োগ, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কারিগরি সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রকৌশল পেশায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১৫ জন প্রবীণ প্রকৌশলীকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে রুয়েটের ছয়জন বিশিষ্ট শিক্ষকও রয়েছেন।

সম্মাননাপ্রাপ্ত প্রকৌশলীরা হলেন— প্রকৌশলী মো. ইকবাল মতিন, প্রকৌশলী ড. কাজী খায়রুল ইসলাম, প্রকৌশলী মুহাম্মদ সেলিম আকতার, প্রকৌশলী আবু সাঈদ হাসান চৌধুরী নাদিম, প্রকৌশলী ড. সিরাজুল করিম চৌধুরী, প্রকৌশলী ড. মোহা. শফিকুল আলম তোতা, প্রকৌশলী আর কে মকবুল আলম, প্রকৌশলী মো. সহিদুল হক, প্রকৌশলী রতন আলী সরকার, প্রকৌশলী খালেকুজ্জামান, প্রকৌশলী আবু তাহের ভূঁইয়া, প্রকৌশলী এস এম আবুল কালাম আজাদ, প্রকৌশলী মো. আব্দুস ছাত্তার, প্রকৌশলী এস এম আব্দুল মান্নান এবং প্রকৌশলী ড. ইকবাল হোসেন।

বক্তারা বলেন, প্রবীণ প্রকৌশলীদের জ্ঞান ও অভিজ্ঞতা জাতির মূল্যবান সম্পদ। তাদের সম্মাননা প্রদান তরুণ প্রজন্মের প্রকৌশলীদের অনুপ্রাণিত করবে। একই সঙ্গে এ ধরনের কারিগরি সেমিনার “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণ এবং আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আইইবি রাজশাহী কেন্দ্রের সদস্যবৃন্দ, রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

Link copied!