প্রকাশিত: ১০ মে ২০২৬, ১১:২৬ পিএম
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর নিটার সায়েন্স সোসাইটি (এনএসএস)-এর “থ্রি-লেয়ার নেভাল ডিফেন্স টর্পেডো” টিম ৮ম ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন (ডব্লিউআইসিই) ২০২৬-এর বাংলাদেশ জাতীয় পর্বে ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
শনিবার (৯ মে , ২০২৬ ) নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এ দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরির ফলিত পদার্থবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রকল্প প্রদর্শনী সেগমেন্টে এই সাফল্য অর্জিত হয়।
এই অর্জনের মাধ্যমে নিটারের দলটি বাংলাদেশ জাতীয় পর্ব থেকে নির্বাচিত হয়ে আগামী আন্তর্জাতিক পর্বে মালয়েশিয়ায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
দলের সদস্যরা হলেন, মোঃ মাহামুদ হাসান মেহেদী, সুফিয়া ইয়াসমিন মুন্নি এবং মোমতাজ বেগম। প্রকল্পটির সার্বিক পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন নায়েব সুবেদার মোঃ মহিদুল ইসলাম এবং সহকারী অধ্যাপক মুয়াজ রহমান। বিশেষ করে সহকারী অধ্যাপক মুয়াজ রহমানের দিকনির্দেশনা, প্রযুক্তিগত পরামর্শ ও আন্তরিক সহযোগিতা দলটির এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্ভাবনী ধারণা, গবেষণামূলক উপস্থাপনা এবং দক্ষ প্রকল্প প্রদর্শনের মাধ্যমে দলটি বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে জাতীয় পর্যায়ে নিজেদের সক্ষমতার পরিচয় দেয়।
এছাড়াও নিটার সায়েন্স সোসাইটি (এনএসএস)-এর আরও দুটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে “ইন্টেলিজেন্ট থ্রেট ডিটেকশন অ্যান্ড নিউট্রালাইজেশন সিস্টেম” দলটি তথ্যপ্রযুক্তি ও রোবটিক্স সেগমেন্টে এবং “সাসটেইনেবল ফ্লাড অ্যান্ড রিভার ম্যানেজমেন্ট সিস্টেম ফর বাংলাদেশ” দলটি পরিবেশবিজ্ঞান সেগমেন্টে তাদের প্রকল্প উপস্থাপন করে।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের এই সাফল্যে নিটার প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন,এ ধরনের অর্জন দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় আরও অনুপ্রাণিত করবে। “থ্রি-লেয়ার নেভাল ডিফেন্স টর্পেডো” টিমের সকল সদস্য ও পরামর্শকদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে তাদের আরও বড় সাফল্য কামনা করা হয়েছে।
