প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০৮:০৭ এএম
উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে নবপ্রতিষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। বুধবার (৬ মে) এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ড. ইসরাফিল শাহীন দেশের নাট্যাঙ্গন ও শিক্ষা জগতের এক পরিচিত নাম। তিনি ভারতের প্রখ্যাত ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতক এবং কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার পাশাপাশি তিনি ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত নিজ বিভাগের সভাপতির দায়িত্বও সামলেছেন।
একজন গবেষক ও থিয়েটার নির্দেশক হিসেবে বিশ্বের প্রায় ২০টিরও বেশি দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ভারত, রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ বিভিন্ন দেশে তিনি একাডেমিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করেছেন।
