প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৫:২২ পিএম
রাঙামাটিতে ছাত্রদলের জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা ও সহিংস সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
শনিবার ঘোষিত নতুন জেলা কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ে অবস্থান নেন। একই সময়ে নবগঠিত কমিটির সমর্থকরা মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে শহরের পৌরসভা এলাকা, বনরূপা, কাঠালতলীসহ আশপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
জেলা প্রশাসন জানায়, জননিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ সময় সভা-সমাবেশ, মিছিল ও মাইকিং নিষিদ্ধ থাকবে, তবে সাধারণ চলাচল স্বাভাবিক থাকবে।
উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর কেন্দ্রীয় ছাত্রদল রাঙামাটি জেলা কমিটি ঘোষণা করলে শুরু থেকেই ক্ষোভ ও বিক্ষোভ দেখা দেয়, যার ধারাবাহিকতায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
