প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৫:০৬ পিএম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিষয়ে দিনব্যাপী একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “Frontiers in Biochemistry & Molecular Biology: Research, Innovation, Impact” শীর্ষক এই আয়োজন মঙ্গলবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে সম্পন্ন হয়।
সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবু জুবাইর। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আছাদুজ্জামান শিকদার। শুরুতে স্বাগত বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বোরহান উদ্দিন। প্রবন্ধ উপস্থাপনের পর এতে আলোচনা করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিবুল বারী সজীব এবং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন। আলোচনায় বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজির সাম্প্রতিক গবেষণা, নতুন উদ্ভাবন এবং এর বাস্তব প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।
দিনব্যাপী এই আয়োজনে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকেরা সক্রিয়ভাবে অংশ নেন। বিকেলে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিভাগের প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিষয়ে জ্ঞান বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে।
