রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

জাবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ

জাবি থেকে আব্দুর রহমান

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৯:৫৫ পিএম

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ।

ঢাকার সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ অনুষ্ঠিত আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে দর্শন বিভাগ। ফাইনালে অর্থনীতি বিভাগকে হারিয়ে শিরোপা ঘরে তোলে তারা।

রবিবার (৩ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টানটান উত্তেজনা বিরাজ করে। নির্ধারিত ২০ ওভারের ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে দর্শন বিভাগ ৪ রানে জয় নিশ্চিত করে।

টসে হেরে ব্যাট করতে নেমে দর্শন বিভাগ ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে অর্থনীতি বিভাগ ১৯.৪ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায়। উল্লেখ্য, পূর্ববর্তী আসরেও দুই বিভাগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে, যেখানে দর্শন বিভাগ শিরোপা জিতেছিল ।

ফাইনাল ম্যাচে ২টি উইকেট নেওয়ার পাশাপাশি ২টি গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়ে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন সাহানুর রহমান সাঞ্জু। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (ভ্যালুয়েবল প্লেয়ার) হয়েছেন কাইফ (ভূগোল ও পরিবেশ-৫২) এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন হুমায়ূন কবির জয় (সরকার ও রাজনীতি-৪৮)।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।

প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম এবং জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্কৃতিকে আরও গতিশীল করতে এ ধরনের আন্তঃবিভাগ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Link copied!